বিউটি বোর্ডিং

চয়ন খায়রুল হাবিব

প্রকাশিত : অক্টোবর ২৩, ২০১৮

শামসুর রাহমান শ্রদ্ধাভাজনেষু

 

তার চেয়ে পুরান ঢাকার
বৈশাখি পাঠশালাতেই থাকা ভালো
একটার পর একটা মহল্লা মানে গড়গ্রাম
খাম খুলতেই বরইয়ের স্বাদ বারুদে পাল্টাইলো

উঠানে চাঁদ-অঙ্গের আলসেতে লবঙ্গের ঝাঁঝালো ফোড়ন
মনবিবির তুকতাকে বনবিবি-নেকড়িতার নিজস্ব ধরণ
বরণের কড়াপাকে ঢাকেশ্বরির জয়ঢাকে ভেজে তারপর আচারের বয়ামে
ওদের দুলানো হবে মৌল্বি-বাজারের ঘাগ্রায়

সময়ান্তরের সুরকি ফাটানো বাক্কু শাহের আখড়ায়
বটের বাকড়ের ঘড় ঘড় ঘড়ঃ
সুয়োরানি দুয়োরানিদের মহান-মুণ্ডুকাটা-ধড়
শব্দায় চোখ রাঙায় দাঁতে দাঁত কটকটায়

কাটামুণ্ডু কাটাধড়ে পাহাড়ের নির্মোকে শিকারকে শানায়
বৈশাখের পুরাটাই কাল্পনিক সঙ্কেতে সান্ধ্য
আচারের বয়ামে নাইলে কেমোনে ঢুকে বিচ্চারের দরুদ
লৌকিকতা বলতে রহমতগঞ্জি রামদায় রগ কাট্টাকাট্টি

বাহাদুর শাহ পার্কেটে আণ্ডা গোরার সিপাইদের অশনির ছুট্টাছুট্টি
চর কামরাঙ্গিতে ঝনঝনায় হাজারটা দরমার ঘর
ঠাসাঠাসি অবসরে বক্সিবাজারে ধরো পয়রা কিল্লার মোড়ে মারো পয়রা

পয়রা বেইচা চালাওরে চালাও পয়রাদের প্রাত্যহিক হল্লা

সিমারের খঞ্জর কাটে সদ্য ফোটা পয়রা-মাসুমদের-কল্লা
বেগমবাজারের নিকরে তবুও ট্রান্সের পয়রাদের বাকুম বুকুম
ঝুম ঝুম ঝুম চুম চুম চুম নিপ্পনি ইলেক্ট্রনিক
হাসায় কাদায় প্লাস্টিক পুতুলাদের পিঙ্গল-লিপস্টিক

কথা কম ব্যথা বেশিঃ
ব্যথা আরো ছোট ছোট পাথরে গড়ায় ইমামবাড়ায়
আশুরাতে উথলায় চুড়িপট্টির কুট্টি-সুন্দরির-মুখে
হলুদিয়া বরণ সোনালির পেজগিতে রেজগির প্রতিকি ঊরু

ভ্রু-বিলাসিনি মিটফোর্ডে সান্ধ্য-সমন্দরের টস টস টস
আত্তরের নিখোঁজ রসে সারস-সারসিদের ফুলেল দাম্পত্যের খোঁজ
ধর্মাধর্মে কমে পুরুষের চর্ম-সুস্থতা
আর পুরুষের সঙ্গদোষে বাড়ে নারীর অপ্রকৃতিস্থতা

স্মরণাগতে উদ্ধার যার যার নিজস্ব জান্তবতা
ঐবার নেকড়িতাকে ঐবার বৈশাখের জন্তু-প্রবণতাকে
ঐবার পুরান ঢাকার পরমাত্মাকে দিলাম পুরাটাই
বিবিপরির সুগন্ধি নিশ্বাসে কাঠালিচম্পার পুল্কাপুল্কি বিষে

যা ঘটবার তা ঘটে গেল সিঁড়ি কিম্বা লিফটের ব্যবস্থা ছাড়াই
চামড়ার চোদ্দতলায় দেহঘড়ির পারদাঙ্কে দাউ দাউ দাউ
প্রাচিন বটেশ্বওয়ারে বনঝাউ শনশনালো রাত জাগানিয়া ক্রিং ক্রিং ক্রিং

বিউটি বোর্ডিংয়ে জিং জিং জিং ডাকিন-শীতরাত্রির-বাঁশঝাড়
মুঘলের হাতিশালায় তাণ্ডবে ক্ষ্যাপা তরাইর পাহাড়

ও পাহাড় ও ক্ষেপি ও সংক্রান্তির দেশোয়ালি ঘুড়ি
মগদের নেপালি-কুর্কিতে ঢলে আর্মানি-নেকড়িতা
তোমাদের জুলেখার মিতা
ধাঙ্গড়পট্টির ধানকাট্টি ছাড়া বাংলার নববর্ষ বৃথা

যারা আমাদের ভাত গাজায়া মদ বানাইতে দেয় না
তারাই আবার গায়েবানা ক্ষুদ্রঋণের অভিজাত নায়েব
শুদ্রজনের জানাজায় ঠোঁটের এক কোনায় বলে,
শুভ নববর্ষ! আরেক কোনায় আপ্সে উল্টায় দাদনের পাতা

ওগো সাল তামামির হালখাতা ওগো গহিনের শিঙ্গিমাছ
ওগো কচুশাকপাতার ভর্তামাখা বাইদানি বুড়িগঙ্গার বৈঠাভাতি লোকমা
ওগো প্রাচিন বটেশ্বওয়ারে বনঝাউ শনশনালো রাত জাগানিয়া ক্রিং ক্রিং ক্রিং ক্রিং
ওগো বিউটি বোর্ডিং ওগো জিং জিং জিং

১৫/০৪/১১
ব্রিটানি