বিক্ষোভকারীদের আগুনে পুড়ল নেপালের সংসদ ভবন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৯, ২০২৫
আজ মঙ্গলবার নেপালের সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এর আগে রাজনৈতিক চাপে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি।
সংসদ সচিবালয়ের মুখপাত্র একরাম গিরি বলেন, “শতাধিক বিক্ষোভকারী সংসদ ভবনের ভেতরে ঢুকে মূল ভবনে আগুন জ্বালিয়ে দেয়।”
দ্রুত ঘটনাস্থলে বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও ভবনের বড় অংশ দাউদাউ করে জ্বলতে দেখা গেছে।
কেপি শর্মা অলি অলি পদত্যাগপত্রে লিখেছেন, “বর্তমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ তৈরি করতে আমি সরে দাঁড়াচ্ছি।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দিন দিন বিক্ষোভ তীব্র হওয়ায় এবং জনগণের চাপ চরমে পৌঁছানোয় তার পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল।
আজ সকাল থেকেই রাজধানী কাঠমান্ডু ও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা রাজপথ দখল করে বিক্ষোভ চালায়। অলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাসহ একাধিক শীর্ষ নেতার বাড়িতেও হামলা চালানো হয়। শাসক দল ও বিরোধী দলের কার্যালয়ও ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়।
সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন রেগমি বলেন, “আজ বিক্ষোভে দুজন নিহত হয়েছে এবং অন্তত ৯০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
রাজনৈতিক অস্থিরতা ও প্রাণহানির পর নেপালজুড়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালালেও বিক্ষোভকারীদের দমাতে পারছে না। আন্দোলনকারীরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিতের দাবিতে অনড় রয়েছে। সূত্র: আল জাজিরা























