বৈশ্বিক শান্তির জন্য ভারত হুমকি: পাকিস্তান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : ফেব্রুয়ারি ০৯, ২০২৬
বৈশ্বিক শান্তির জন্য ভারত এখন হুমকি বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। ইসলামাবাদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আসিফ আলী জারদারি বলেন, “বৈশ্বিক শান্তির জন্য ভারত এখন হুমকিতে পরিণত হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই কোনো একক দেশের দায়িত্ব নয়, এটি সম্মিলিত বৈশ্বিক দায়িত্ব।”
প্রেসিডেন্ট জারদারি আরও বলেন, “বিশ্বনেতা, বিভিন্ন সরকার ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে জানানো সহানুভূতি ও সমর্থন পাকিস্তানের জনগণ ও সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সাহস ও শক্তির উৎস হয়েছে।”
তিনি বলেন, “এসব বার্তা প্রমাণ করে, সন্ত্রাসবাদ ও এর পেছনের সহিংস মতাদর্শের বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক সংগ্রাম। একা কোনো দেশ সন্ত্রাসবাদ মোকাবিলা করতে পারে না।”
আসিফ আলী জারদারি বলেন, “পাকিস্তানের অভিজ্ঞতা বলছে, যখন সন্ত্রাসী সংগঠনগুলো সীমান্তের বাইরে আশ্রয়, সহায়তা বা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, তখন বিশ্বের নিরীহ মানুষই তার ভয়াবহ পরিণতি ভোগ করে।”
দুঃখ প্রকাশ করে তিনি বলেন, “কিছু প্রতিবেশী দেশ তাদের ভূখণ্ড থেকে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালাতে দিয়েছে, আবার কেউ কেউ আর্থিক, প্রযুক্তিগত ও সামরিক সহায়তা প্রদান করেছে।”
তিনি আরও বলেন, “এসব কারণ সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে গভীরভাবে প্রভাবিত করেছে।” সূত্র: সামা টিভি
























