ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ১৬

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০৪, ২০২৬

ব্রাজিলের উত্তর-পূর্ব অঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস উল্টে ৪ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। বাসটিতে প্রায় ৬০ যাত্রী ছিল। মঙ্গলবার ব্রাজিলের আলাগোয়াস অঙ্গরাজ্যের গ্রামীণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঁক ঘোরার সময় উল্টে যায় গাড়িটি। এসময় কিছু যাত্রী ছিটকে পড়ে, অন্যরা দুর্ঘটনাকবলিত বাসের নিচে চাপা পড়ে।

আলাগোয়াসের আঞ্চলিক সরকার বিবৃতিতে জানায়, নিহতদের মধ্যে ৭ নারী, ৫ পুরুষ ও ৪ শিশু রয়েছে। দুর্ঘটনাটি এখনও তদন্তাধীন।

ব্রাজিলিয়ান গণমাধ্যম জানায়, বাসটি আওয়ার লেডি অব ক্যান্ডেলারিয়া উপলক্ষে আয়োজিত ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। এই উৎসবটি প্রতি বছর ২ ফেব্রুয়ারি সেয়ারা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার ভক্ত অংশ নেয়।

আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো বলেন, “বাসটি একটি বাঁকে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। কিছু যাত্রী বাইরে ছিটকে পড়ে। অনেকে বাসটির নিচে আটকা পড়ে। এটি ছিল খুবই ভয়াবহ, এমনকি অস্বাভাবিক ধরনের দুর্ঘটনা।”

দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর আহত শিশুও রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

আলাগোয়াসের গভর্নর পাউলো দান্তাস নিহতের প্রতি শোক জানিয়ে অঙ্গরাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক জারি করেছেন।

উল্লেখ্য, ব্রাজিলে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পেরনামবুকো অঙ্গরাজ্যে একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হয়।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রাজিলে ১০ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সূত্র: আল জাজিরা