ভাঙা লিরিকে শাহনাজ রহমতউল্লাহ

চয়ন খায়রুল হাবিব

প্রকাশিত : অক্টোবর ১৫, ২০১৮

ভাঙা লিরিকে
 
সূর্যের মন্দিরে সূর্যের দোআশলা নগ্নতা ঝরে নির্ঝরে
আল্পনাগুলো নেচে নেচে ঘুঙুরের একান্তে ব্যালেরিনা
শীতের পাতাগুলো আবার ফিরে যাবে সঙ্গীতের প্রহরে
গরম স্বভাবে নগ্ন হাবভাবে নিমগ্ন রোদছ্যাঁকা বালুকণা

কেউ একটু দেখে সরে যায় কেউ বা থমকে দাঁড়ায়
রাস্তার পাশে জানালার স্বকাশে কানের লতিতে হাত
নরম কিভাবে এত নরম ঘুমের ভেতর ঘুম ভেঙে যায়
কমলা ছোকলাতে ঢাকা কমলাময় এক রহস্য ছোঁয়া রাত

কোয়াগুলো খোলে ঠোঁট সরায়ে জিব গড়ায়ে
রমণের আধো আধো প্রস্তুতিমলক সম্ভাষণ
প্রার্থনাতে আশ্বস্ত দেহছন্দ আলাপের রাস্তা বেয়ে
অকস্মাৎ পরস্পরে হেচকা কিন্তু গভীর বিনোদন

যা একবার খোলে তা কখনো বন্ধ হয় না
যদিও বা হয় তা আবারো ভাঙা লিরিকের খোলা কারখানা

লিরিকে

মানে আমাদের শানদার খানদান শাহনাজ
এখন যার পায়ের নিচে পর্দানশীনের জায়নামাজ
গান সে আর শোনে না গান আর গায় না
দিনরাত মোনাজাতে করেন কি কি সব বায়না
আর আমাদের দুলাভাই মিস্টার রহমতউল্লাহ
আলখিল্লা পরে দেন তাবলিগি চিল্লাহ

দাঁড়ালো গিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে আস্তাগফেরুল্লাহ
সকাল থেকে রাতের ঘুম অব্দি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ

শিল্পের যাপন না কি কালের কাছে প্রশ্নের পর প্রশ্ন
ভালো শিল্পি মানে কিন্তু সে জ্ঞান বিজ্ঞানে সতৃষ্ণ

শিল্পী লুকালে পর্দায় কোথায় হারায় কাণ্ডজ্ঞান
ধান্দাবাজেরা শিল্পকে বানায় হিসাবের বিজ্ঞান   

`সাগরের সৈকতে` গাইলে সাগরে আনন্দসাগর মিলা
এই সেই সুন্দর যা চয়ন কবির কলিজায় আনে নন্দনের লীলা

লীলা হড়কায় লীলা ভড়কায় থাকে পর্দার জঙ্গ
১৯৭১ উল্টালে ২০১৭ তে আমাদের মহাস্বপ্নভঙ্গ

হতে পারে হতে পারে এটা ওনার মরিয়া চয়েস
গুমের ভয়তরাশে যখন কাঁপে বাংলার ভয়েস

রেওয়াজ নাই আওয়াজ আছে সাধনার গুল্লি মারো
যাকে যেভাবে পাও মারোধরো খুন ধর্ষণ করো

লুকায় সুরের বিচিত্রতা একঘেয়ে লোকসঙ্গীতের আড়ালে
ব্যান্ডসঙ্গীতের নামে মাংসাষী পুরুষেরা আমাদের ভেংচালে

অভদ্রতা লোভ আর মোল্লার খেউড় থেকে সরে যায় সরোদসঙ্গীত
শাহনাজ বেগম আমাদের প্রমিত স্মার্টনেসের কস্মোপলিটান ভিত

২১/১২/১৭
ব্রিটানি