মধ্যপ্রাচ্যে সংঘাত, এশিয়ার শেয়ারবাজারে ধস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৩, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি নেতাদের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি হুমকি এবং ইজরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে যুদ্ধ আরও কয়েক সপ্তাহ স্থায়ী হওয়ার ইঙ্গিত পাওয়ায় এশিয়ার শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এই অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়লেও শেয়ারবাজারে দেখা দিয়েছে ব্যাপক পতন। এশীয় বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সিউল ও টোকিও। যুদ্ধের আগে এই দুই বাজার বেশ ভালো অবস্থানে থাকলেও বর্তমানে বিক্রির চাপে সিউলের সূচক ৬ শতাংশ এবং টোকিও ৫ শতাংশ পর্যন্ত পড়ে গেছে।

এছাড়া হংকংয়ের বাজারে ৩ শতাংশের বেশি পতন দেখা গেছে। এছাড়া সাংহাই, তাইপেই ও ম্যানিলা ২ শতাংশের বেশি দর হারিয়েছে। সিডনি, সিঙ্গাপুর এবং ওয়েলিংটনও বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

মুদ্রাবাজারেও এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষিণ কোরীয় মুদ্রা `ওন`-এর মান ডলারের বিপরীতে ১,৫১০-এ নেমে এসেছে, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন।

তেলের বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ১০০ ডলারের সামান্য নিচে অবস্থান করছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বিশ্ব অর্থনীতিকে অনিশ্চিত সংকটের দিকে ঠেলে দিচ্ছে। সূত্র: আল জাজিরা