যুক্তরাষ্ট্রসহ ২২ দেশ ইরানকে সতর্ক করল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুন ১১, ২০২৬

যুক্তরাষ্ট্রসহ ২২টি দেশ ইরানকে তাদের ভূখণ্ডে হামলা চালানো বন্ধ করতে বলেছে।  আজ বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে এ সতর্কবার্তা দেয় দেশগুলো।

বিবৃতিতে বলা হয়, “আমাদের ভূখণ্ডে মানুষকে হত্যা, অপহরণ, হয়রানি, ভয়ভীতি দেখানো বা অন্য যেকোনো ধরনের আক্রমণের চেষ্টা জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক নিয়ম-নীতিকে ক্ষুণ্ণ করে। এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা সংস্থা ও তাদের বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা কুদস ফোর্স ইরানি ভিন্নমতাবলম্বী, সাংবাদিক এবং ইহুদি ও ইজরায়েলি সম্প্রদায় ও তাদের স্বার্থের বিরুদ্ধে প্রাণঘাতী ষড়যন্ত্র ও ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িত।”

বিবৃতিতে বলা হয়, “এসব হুমকির বিরুদ্ধে আমাদের দেশ ও জনগণকে রক্ষা করার সংকল্পে আমরা ঐক্যবদ্ধ। ইরানকে অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। ইউরোপজুড়ে ইহুদি, ইরানি ও মার্কিন সাংবাদিকদের লক্ষ্য করে হামলার যে অভিযান চলেছে, তার পেছনে ইরানের হাত রয়েছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “ইরানসংশ্লিষ্ট গোষ্ঠী হারাকাত আশাব আল-ইয়ামিন আল-ইসলামিয়া এসব হামলার দায় স্বীকার করেছে।”

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হলো: আলবেনিয়া, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, যুক্তরাজ্য, বুলগেরিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও যুক্তরাষ্ট্র।