যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ১৯, ২০২৬

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হামলায় ক্যাম্প আল-আদির সামরিক ঘাঁটির একটি গোলাবারুদ গুদাম এবং আলি আল-সালেম বিমানঘাঁটির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা রাডার লক্ষ্যবস্তু করা হয়েছে।

প্রায় এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালিয়ে আসছে। এর জবাবে তেহরান কুয়েতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের ব্যবহৃত সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানোর দাবি করছে।

উল্লেখ্য, জুনে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ ও দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছিল। তবে সেই সমঝোতার পরও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে।