‘কেন দোলনচাঁপা’র প্রচ্ছদ
রওশন আরা মুক্তার ‘কেন দোলনচাঁপা’ থেকে ৩টি কবিতা
প্রকাশিত : জুলাই ০৬, ২০১৮
শ্রাবণ প্রকাশনী থেকে ২০১৮ সালের বইমেলায় বের হয় রওশন আরা মুক্তার তৃতীয় কবিতার বই ‘কেন দোলনচাঁপা’। মুক্তার কবিতা পড়লে মনে হবে, তিনি খুব অন্তরঙ্গভাবে কথা বলছিলেন শ্রোতার সঙ্গে। আকস্মিকতায় চমকে ওঠার মতো। ভঙ্গিটা ভালো লাগবে যে কোনো পাঠকেরই। বিষয়গুলোও। তথাকথিত শিল্পগুণকে এড়িয়ে তার সাবলীল ভাষায়, চিন্তায়, ইমেজে ‘কেন দোলনচাঁপা’ গ্রন্থটির কবিতাগুলো অনন্য। ‘কেন দোলনচাঁপা’ থেকে তিনটি কবিতা...
ধনুক
আমি যদি না-যাই ফিরে কারো কোনো ক্ষতি হ’য়ে যাবে
ছোট্ট খুকিটা আধখানা বাতাসা-হাতে
উঠানে দাঁড়িয়ে চোখের পানি ফেলবে
আমি যদি না-যাই ফিরে কারো কোনো ক্ষতি হ’য়ে যাবে
বেসাতিরা আউড়ে যাবে দেশমাতৃকার গান
আমি যদি না-ফিরে যাই মাছরাঙা হারিয়ে ফেলবে স্ফটিকসম দৃষ্টি
আমি যদি না-ফিরি এবার, ধবংস হবে প্রলয় হবে, হ’য়ে যাবে অনাসৃষ্টি
সূর্য
নিরালা দ্বীপে একা একা
রাত পাহারা তার দিন পাহারা
জোয়ারে ভাটায় কাদা ধুয়ে যায়
পলি জমে যায়
আসমানে রূপার ফোয়ারা
জমিনে সোনার ফোয়ারা
হাতে হাত কাঁধে কাঁধ,
বুকে চোখে আলোর ঝর্ণাধারা
উড়ন্ত পাখির ডানায় পাথর ভার দিও না
অস্থির এ সময়, মাঝ নদীতে একা ফেলে যেও না
ভালো থেকো
কেমন আছো?
ভালোই আছি, শান্ত আছি
কাকচক্ষু সরোবরে অবগাহনে আছি
তারপর সব সাদাকালো হ’য়ে গেল
একটা সাদাকালো দিনে
সাদাকালো পাহাড় আর নদীর পাশে
আমার মন ভ’রে উঠল হাজার রঙে
কেমন একটা উচাটন হল
বুকের মাঝে একটা ব্যথা হল
রাখতে তো পারব না
এই ধুলায়-ভরা ধূসর দুনিয়ায় তাই
সাদাকালো নদীটায় ভাসিয়ে দিলাম তোমাকে
ভালো থেকো।























