রহমান মুফিজ
রহমান মুফিজের ৪ কবিতা
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২০
দেহের ভাষা
মুখের ভাষা ফুরিয়ে যায়, করুণ লাগে
তখন শুধু মনের ভাষা জায়গা নেয়
তখন শুধু মনকে মন রাঙিয়ে দেয়
সেই টুকুও ফুরায় যদি অস্তরাগে
দেহই তবে দেহের কাছে শব্দ মাগে?
দেহের ভাষা আদিম বলে দেহই সই?
আমি তবে দেহ ছাড়া আর কিছু নই?
পাঁচটা আঙুল
ধার নিছিলাম পাঁচটা আঙুল; ফিরায় দেব—
এক আঙুলে আঁকা ছিল ভীষণ তাড়া
এক আঙুলে খেলতো কথার প্রলয়
একটা ছিল কেবল শ্মশান-পাড়া
আরেকটা তো মূর্ছা যেত ধুলোয়
সব আঙুলই ফিরায় দেব—
যে আঙুলের নখের ওপর শহর ছিল
বৃষ্টি-কাদার গন্ধ লাগা প্রহর ছিল
সে আঙুলই মুঠোর মধ্যে আটকে নেব
আর বাকি সব ফিরায় দেব...
ফিরায় দেব...
জিজ্ঞাসা
শুধু কুঁড়িয়েছো নাম; নিজের ছবির কাছে
রেখেছো নিজের অর্ঘ্য। কেবলই অবসাদ
জমিয়েছ কালের খাতায়। হৃদয়ের আঁচে
কখনো কি ফুটিয়েছো সুকোমল প্রতিবাদ?
ঘনিয়েছে আজ ঘোরতর দিন। তুমি তার
বিরান শহরে রাখছো শ্বাস; পৃথিবীর নামে
একটি যে প্রণাম লেখা বাকি— সেই ভার
কে নেবে তবে, কে লিখবে তা হরিৎ খামে?
কোনো প্রেমে, বিরহে
একদিন এই শিহরণ ফেরাবে চেতনা—
কোনো প্রেমে, বিরহের নামে আমি
আঁকিনি তোমার মুখ। এই সত্য
গূঢ় হয়ে আসবে সগৌরবে—
এইখানে ছিলাম না কখনোই,
একটা না থাকা মানুষ যেভাবে থাকে
সেভাবেও ছিলাম না কোনও গার্হস্থে;
ডিম্বাণু অব্দি যে যেতেই পারিনি তখন...























