রাত ৯টায় বিএনপির জরুরি বৈঠক
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মে ১০, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে। আজ শনিবার রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন।”
জানা গেছে, কয়েকদিন ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে আন্দোলন চলছে। আন্দোলনে বিএনপির অবস্থান কী হবে ও দলটির করণীয় ঠিক করতে স্থায়ী কমিটির এই বৈঠক ডেকেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট খামারবাড়ী বার্ক মিলনায়তনে ‘ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়’ অনুষ্ঠানে তারেক রহমান বলেন, “মানুষের মনে প্রশ্ন তৈরি করছে, নানা ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার।”
তিনি আরও বলেন, “পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। সংস্কারের নামে সময়ক্ষেপণের অভিযোগও উঠেছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা, তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে।”






















