অঙ্কনঃ রিফাত বিন সালাম

অঙ্কনঃ রিফাত বিন সালাম

রিফাত বিন সালামের কবিতা

প্রকাশিত : এপ্রিল ০৬, ২০১৮

অহেতুক

 

ধরো কোনো এক বর্ষার

সন্ধ্যায় আমি মরে গেছি

সেদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে

চারদিকে স্যাঁতস্যাঁতে একটা আবহাওয়া।

বিকাল থেকেই চলছে লোডশেডিং

শহরের গলিতে ছেড়া কাগজ হাতে

ছুটছে ম্যাড়মেড়ে বাতাস।

সংবাদ পাঠিকা বলেছেন, "ঝড় হতে পারে আজ"

আর শ্রাবণের এ মোক্ষম সময়ে

নাগরিক সেবায় নিয়োজিত সিটি কর্পোরেশন-

তার রাস্তা ভাঙ্গা অভিযান জারি রেখেছে।

কাদা মাটিতে পথে ঘাটে লেজে গোবরে অবস্থা

এরই মধ্যে তোমার বাড়ির সামনে হাটু পানি,

ট্রাফিক ম্যান না থাকায় ভয়ঙ্কর জ্যাম লেগেছে

চারদিকে বিভীষিকা পরিস্থিতি।

আর আমার বাড়ি এই শহরের শেষ মাথায়,

সুযোগে সিএনজি ভাড়াও আজ দীগুণ-তিনগুন!

তুমি অসহায় কি করবে?

এত কিছু মাড়িয়ে শেষবার আসবে,

নাকি স্মৃতি রোমন্থন করতে করতে

বাইরে না যাওয়ার যুক্তি খোঁজার চেষ্টা চালাবে?

 

 

ব্যবচ্ছেদ-৩

 

একই শহরে আমাদের দুই রাষ্ট্র

আমাদের স্নায়ুযুদ্ধ চলছে

কে কাকে দখল করবে!

আমাদের আকাশে কাঁটাতার

শহরের মাঝ বরাবর বর্ডার

পুরো দুনিয়াটাকে দুইভাগ করেছি।

তোমার মারণাস্ত্র "উপেক্ষা"

আর আমার গবেষণাগারে আস্ত গোলাপ

আমিও প্রস্তুতি নিচ্ছি

শেষ পর্যন্ত দুজনেই দখল হবো-

শুধু কে আগে আত্ত্বঘাতী সিদ্ধান্ত নেবে

সেটার সিদ্ধান্ত নিতে হবে