Kurdish Refugees by MotionAge Designs

Kurdish Refugees by MotionAge Designs

রিফিউজি

জাতবেদা মিশ্র

প্রকাশিত : আগস্ট ০২, ২০১৮

কিৎ কিৎ এর খোপকাটা ঘর,
নিকোনো উঠোনে পা ছড়িয়ে ইচিং বিচিং
নয়তো ইস্কুল আর ছুটির পর ঠাকুর থানের বাতাসা।
ছুটির দিনে জ্বাল দেয়া খেঁজুড় গুড়ে মুড়ির মোয়া
ঘোষদের পুকুরপার থেকে কোঁচড়ে ভরে কলমি শাক, মেটে আলু আর ঝড়ের কাঁচা আম।

সারাদিন এবাড়ি ওবাড়ি টইটই,
মাথার চুলে তেল দিয়ে জট ছাড়ানো পরিপাটি বিকেল আর সন্ধ্যায় চই চই চই
লালচুড়ি আর ফিতে আর দূর গাঁয়ে মেলার নাগরদোলা
রাতে ঘুমে ঢুলে বাবার কানমলা আর গরম ভাতের গরাস
তালপাখার অনর্গল হাত নাড়া হাওয়ায় আদুরে ভোর।

আচমকা কাঁটাতারে আপাদমস্তক গেঁথে যায় ছেলেবেলা
ভারি বুট আর রাইফেলের গুঁতোয় টুকরো নরম স্বপ্ন,
কিছু প্রশ্ন, রক্ত, ঘাম, লালা, যন্ত্রণা আর আর্তনাদ
বেড়ে চলা নিখোঁজের তালিকা
অপরিচিতের ভিড়ে ডেকে চলা প্রিয় নাম
কী নাম ছিল? নাম ছিল আদৌ কোনোদিন?
কোনো উত্তর আসে না রাতের ইস্টিশনে।

এখন তিন নম্বর খুপরি,
ভোররাতে কলের জলে লাইন
দান-খয়রাতে যা পাওয়া যায় আর রাতে খাতা বাবু
তারপর অনবরত নাগরদোলা উপরে-নিচে
কাল কোথায় জানা নেই।

গাছের একটা পাতাও কাঁপে না
এখনো সূর্য ওঠে, হাওয়া বয়
কাঁটাতারের বেড়ায় খেলে যায় ঘাসফুল
শুধু, এক দঙ্গল শৈশব ঘরোয়া থেকে রিফিউজি হয়ে যায় বরাবরের মতো।