শামীমা জামানের কিশোর কবিতা

প্রকাশিত : আগস্ট ০৩, ২০১৮

এক.
ভাগ মন্ত্রী ভাগ
করজোড়ে ভিক্ষা মাগ
সব চলে যা
মদ খেতে।

লাস ভেগাস কিম্বা আটলান্টার চকচকে ক্যাসিনোতে
বেয়ারার উন্মুক্ত ক্লিভেজে
আরাম করুক তোদের হারামি চোখ।
রে রক্তচোষা রক্ষণশীল জোঁক,
মালয়েশিয়া দ্বিতীয় বাড়িতে বসে টেপ
তজবিহ।
নায়লা নাঈমকে দেখে তুই
লোল ফ্যাল, দুলে তোর দোলনায়, ছিঃ ছিহ
তবু মারতে আসবি না শুয়োরেরা
আমাদের ছেলেদের, ওরা যে সেরা।

এলিট সন্তানের পাঠশালা যেদিকে
ভাগ শালা সেদিকে।
সবুজ গোছানো ঘাস, চেরি ব্লসম গোলাপিতে
যত খুশি হাস,
মদ খা।
শুধু এই বাংলাকে করে দে শূন্য
দারুণ ধেয়ে আসছে যে তারুণ্য।

দুই.
স্কুল বসেছে রাস্তায়
বুড়ো হুলোরা ঘাস খায়,
কানে ধরে করে উঠবস।
রাষ্ট্র আজ কেমো নিতে যাবে,
সরে যাও সব
দাঁড়াও সোজা লাইন,
দামাল ছেলেরা সারাবে এবার
হীরক রাজার আইন।

তিন.
তোমার ছেলে আছে নিরাপদ
তাই তুমি আজ বন্য।
রক্ত গিলে সেহরি সারো
সৎমা তুমি জঘন্য।

চার.
এই সোনার ছেলেদের
মুখে ধরেছিলি পাগলা বড়ি
ক্ষমা নেই তোর
ওৎ পেতে আছে
ফাঁসির দড়ি।