শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ২৬, ২০২৬

শিক্ষাবিদ অনুদ্বৈপায়ন ভট্টাচার্যের আজ মৃত্যুদিন। ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে জগন্নাথ হল প্রাঙ্গণে পাকিস্তানি সৈন্যদের গুলিতে তিনি নিহত হন।

১৯৪১ সালের ৩১ জানুয়ারি সিলেটের নবিগঞ্জের জান্তারী গ্রামে তার জন্ম। ১৯৬১ সালে নবিগঞ্জ জেকে হাইস্কুল থেকে প্রথম বিভাগে তিনি ম্যাট্রিক এবং ১৯৬৩ সালে সিলেট এমসি কলেজ থেকে প্রথম বিভাগে আইএসসি পাস করেন।

১৯৬৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে বিএসসি অনার্স এবং ১৯৬৭ সালে ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণিতে এমএসসি ডিগ্রি লাভ করেন।

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞানের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯৬৯ সালে জগন্নাথ হলের হাউস টিউটর হন।

বাংলাদেশ সরকার ১৯৯৫ সালের ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে তার স্মৃতির সম্মানে একটি ডাকটিকেট অবমুক্ত করে। জগন্নাথ হল পাঠাগারকে শহিদ অনুদ্বৈপায়ন পাঠাগারে নামকরণ করা হয়।