শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ০২, ২০২৬

শিশুসাহিত্যিক খগেন্দ্রনাথ মিত্রের আজ জন্মদিন। ১৮৯৬ সালের ২ জানুয়ারি কলকাতায় তার জন্ম। পিতা শৈলেন্দ্রনাথ মিত্র। খগেন্দ্রনাথ যৌবনে বিপ্লবী বাঘা যতীনের অনুগামী হয়ে বিপ্লবী সন্ত্রাসবাদী আন্দোলনে যোগ দেন।

মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে কলেজ পরিত্যাগ করেন। ১৯২০ সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ প্রতিষ্ঠিত জাতীয় বিদ্যালয় থেকে স্নাতক হন। প্রথমে জাতীয়তাবাদী আন্দোলন করেন, পরে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন।

রেলে চাকরি করতেন। একসময় চাকরি ছেড়ে দিয়ে সর্বক্ষণের জন্য সাহিত্য সাধনায় ব্রতী হন। ভারতবর্ষ, প্রবাসী, মহিলা ইত্যাদি পত্রিকায় নিয়মিত লিখতেন। আরএম ব্যালেন্টাইনের ‘গোরিলা হান্টার’ অবলম্বনে তিনি লেখেন ‘আফ্রিকার জঙ্গলে’, যা প্রকাশিত হয় ১৯২৩ সালে।

তার বিখ্যাত রচনা ভোম্বল সর্দার, ডাকাত অমনিবাস, পাতালপুরীর কাহিনী, অতীতের পৃথিবী, আবিষ্কারের কাহিনী, ঝিলে জঙ্গলে, বাংলার ডাকাত প্রভৃতি। ১৯৪৮ সালে দৈনিক পত্রিকা ‘কিশোর’ তার সম্পাদনায় বের হয়।

এছাড়া তিনি সম্পাদনা করেন ‘নতুন মানুষ’, ‘ছোটদের মহল’, ‘সপ্তডিঙ্গা’, ‘বার্ষিক শিশুসাথী’, ‘মানিকমালা’ ইত্যাদি পত্রিকা। তার সম্পাদিত ‘শতাব্দীর শিশুসাহিত্য ১৮১৮-১৯৬০’ বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য গ্রন্থ।

তিনি ভুবনেশ্বরী পদক, মৌচাক সাহিত্য পুরস্কার, গিরীশ রৌপ্যপদকসহ নানা পুরস্কারে ভূষিত হন। ১৯৭৫ সালে জাতীয় পুরস্কারে সম্মানিত হন, কিন্তু শিশুসাহিত্যের জন্য ৫ হাজার থেকে কমিয়ে পুরস্কার মূল্য ১ হাজার টাকা বরাদ্দ করা হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ১৯৭৮ সালের ১২ ফেব্রুয়ারি তিনি মারা যান।