সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ০৬, ২০২৬

সকল ক্লিনিকে ১১ জুলাইয়ের মধ্যে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রতিটি প্রসূতি মায়ের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সকল বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে মানসম্মত লেবার রুম থাকা অত্যন্ত জরুরি। নরমাল ডেলিভারির জন্য শনিবারের মধ্যে বেসরকারি সকল ক্লিনিক ও হাসপাতালে বাধ্যতামূলকভাবে লেবার রুম স্থাপন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হবে।”

তিনি আরও বলেন, “দুই মাস ধরে উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ চলছে। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি মশার লার্ভা নিয়ন্ত্রণে ৭ দিনের মধ্যে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ করা হবে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতালে পর্যাপ্ত শয্যা ও মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে। কিছু দিন স্যালাইনের ঘাটতি থাকলেও এখন পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা হয়েছে।”

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “জ্বর কমে গেলেও চিকিৎসক সন্তুষ্ট না হওয়া পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে না। বিশেষ করে প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা, সে বিষয়ে চিকিৎসকদের কঠোর নজরদারি করতে হবে। গত বছরের তুলনায় বর্তমানে দেশের ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। একই সঙ্গে সরকার হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচিতে সফল হয়েছে।”

তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতে ১ লাখ নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ৮০ হাজার নারী। তাদের অধিকাংশই মিডওয়াইফারি কর্মী হবে।”