সুচিত্রা কাপকেক সনেট
চয়ন খায়রুল হাবিবপ্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০১৮
এক.
আলতোভাবে মুখে তোলামাত্র
কাপকেক জেনে ফেল্লো ছোঁয়া কত প্রকার ও কি কি
দাঁত জিব মিঠাইমন্থন কাপকেক ক্রাম্বলে
পুরোটা মুখ গহবর এখন কাপকেকের স্থানীয় খবর
যে খাচ্ছে ঠোঁটের ভঙ্গিতে সে সুচিত্রা মিত্র
অল্প একটু নাড়ালেই পাখপাখালিরা ওখানে সুখদুক্ষে সচিত্র
মুখের ভেতর গলে যাচ্ছে একটার পর একটা ম্যাগপাই
নূহের জাহাজে জোর স্লোগান আমরা আরো কাপকেক চাই
যে খাচ্ছে সেই কি বানিয়েছিল নাম কি গো তার
জিভাগো জিজ্ঞাসে লারা আন্তিপোভাকে
বায়রনও সুধায় আরেক লারাকে আরেক জমানায়
সমঝদারের পানশালায় নাচে কাপকেকের গীতল অবতার
সুচিত্রা কাপকেক মানে সম্পর্কের গরম সম্প্রীতি
ঘরকন্যার যে রেওয়াজ বাড়ায় ঘরখোলার প্রস্তুতি
১৭.৯.২০১৮
দুই.
সাহেবদের বানানো কাপকেক মনে ধরেছিল শান্তিদেবের
মোহরদির চোখে চোখ রেখে নির্নিমেষে বলেছিল, পত্রপিঠা
কাপকেকের কাগজি পাত্রকে নাচের ছন্দে কাঁপানোর আদলে
ভ্রু নাচিয়ে পাপড়ি দুলিয়ে মোহরদি আলতো হেসে সুধায়েছিল,
এই পত্রপিঠা যে খাবে সে পস্তাবে যে খাবে না সেও পস্তাবে
শান্তিদেব চোখ না সরায়ে শুনেছিল সুরবাহারি আনন্দ ভৈরব
সুরের ব্যাপারটা ভালো বোঝে রন্ধনরসিকজন
একটু একটু রাঁধো আর ব্যাঞ্জন চেখে চেখে সুর বাঁধো
কাপকেকে কেউ দেয় কেউ বা দেয় না চিনির পরত
মহাসুন্দরী মোহরদির চিবুকের চর্মে হঠাৎ মর্মের সঙ্কট
যুক্তরাষ্ট্র সফরে যোগাড় স্বেতির সেই মহার্ঘ ওষুধ
শান্তিনিকেতনে ফিরে পুরোটা দিয়েছিলেন এক তরুণী নর্তকিকে
কাপকেকের সোয়াদে এঁকেবেঁকে সুর গেঁথে যায় মগজের কোষে
রবীন্দ্রনাথ তাকে ডেকেছিল `কনিকা` অনেকটা কাপকেক বিবষে
২১.৯.২০১৮
ব্রিটানি























