সুমুদ ফ্লোটিলা আটক বেআইনি: অ্যামনেস্টি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : অক্টোবর ০২, ২০২৫

গাজামুখি ত্রাণবাহী নৌযান আটক ও তাতে থাকা কর্মীদের গ্রেফতার বেআইনি বলে ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অ্যামনেস্টির মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বিবৃতিতে এ ঘোষণা দেন।

সংস্থাটি বলছে, এটি মূলত গাজার সঙ্গে সংহতি প্রকাশের কর্মসূচিকে শাস্তি দেওয়ার অপচেষ্টা। অ্যামনেস্টি আগেই বলেছে, ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে জোরপূর্বক হামলা চালিয়ে কর্মীদের আটক করা হলো এক প্রকাশ্য আক্রমণ। অথচ তারা সম্পূর্ণ শান্তিপূর্ণ মানবিক মিশনে অংশ নিচ্ছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, ইজরায়েলি কর্মকর্তারা ফ্লোটিলা ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে হুমকি ও উসকানি দিয়ে আসছিলেন। এমনকি একাধিক নৌযান ধ্বংস করারও চেষ্টা করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই দখল।

বিবৃতিতে বলা হয়, ইজরায়েল যখন গাজায় গণহত্যা চালাচ্ছে— ক্ষুধা ও দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে, তখন জরুরি ত্রাণ আটকে দিয়ে তারা আবারও দেখাল, আন্তর্জাতিক আদালতের বাধ্যতামূলক নির্দেশনা ও নিজেদের দখলদার শক্তি হিসেবে আইনি দায়িত্বের প্রতি তাদের সম্পূর্ণ অমান্যতা রয়েছে। গাজার মানুষের পর্যাপ্ত খাদ্য ও জীবনরক্ষাকারী সহায়তার অধিকার ইজরায়েল ছিনিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, গাজার দিকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় হামলা চালিয়েছে ইজরায়েলি নৌবাহিনী। অন্তত ৪৪৩ কর্মীকে তারা আটক করেছে।

ইজরায়েল জানিয়েছে, গাজাগামী ত্রাণবাহী ৪৪টি জাহাজের মধ্যে একটি জাহাজ ছাড়া সবগুলোকে আটক করা হয়েছে।

আটক হওয়া কর্মীরা এসেছেন নানা দেশ থেকে— স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ অনেক দেশের নাগরিক রয়েছেন তাদের মধ্যে। সূত্র: আল জাজিরা