সৈয়দ আফসার

সৈয়দ আফসার

সৈয়দ আফসারের ৫ কবিতা

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০১৯

তারই নাম প্রেম

দুটি মনের মাঝখানে যে ধাঁধা ও বাঁধা থাকে
তার নাম প্রেম। হ্যাঁ, প্রেমই তো, বলে লোকে

আমার কাছে প্রেম ১টা শিল্প— হৃদয় জাগায়
তার মানে ঠোঁটে ঠোঁট ঘষে চুমু খাওয়াও নয়
প্রেম মানে শারীরিক চাহিদা পূরণের বস্তু নয়
প্রেম মানে আত্মার মেলবন্ধন হজম ও সংযম

প্রেম মানে সহজে মেনে নেয়া, মানিয়ে নেয়া
প্রেম মানে স্পর্শবাগানে অহরহ শিহরণ মায়া
প্রেম মানে হাতে হাত রেখে সহ্য করে যাওয়া

এ বুকে জমানো প্রেম, কতটুকু দিতে পারি তোমায়
নিঃসংকোচে নিতে পারো, যতটুকু তোমাকে মানায়

মুখোমুখি হব

এই শীতে, বুঝা বা না বুঝার মাঝে মন ভান ধরে থাকে
তুমি দেখো, কিম্বা না-দেখো ওই মায়াবী চোখের ফাঁকে
এভাবে মাতাল করো না আমাকে। তুমি যে একটা নাম,
অল্পস্বল্প আলোয় কিছু তো বুঝি, না-মেশা বুকের ক্ষতে
এই রহস্য ছুঁতে, অন্ধকারে রাখি চোখ, চোখের উপরে—
আমাকে ডুবাও নিরপরাধ ঘুমের স্বপ্নডানায়— ঘনীভূত তৃষ্ণায়...
একাকী দাঁড়িয়েছি আমি দোল খাওয়া দেহের অবহেলায়।

আমার ঘুমটুকু অটুট থাকুক নিঃশব্দ-হাড়ে
মরে গেলেই বাঁচি, মুখোমুখি হব চিতায়-শ্মশানে-কবরে

দুঃখ

দুঃখ আমার কাছে একটি শব্দ, বিশ্লেষণ ঠিক জানি না
দুঃখ আমার কাছে আশ্চর্য সুন্দর কিন্তু দেখাও যায় না
দুঃখ আমার কাছে এক মায়াবী হরিণ, আঘাত করে না
দুঃখ আমার কাছে অ-দিনের স্মৃতি, মেলানো যায় না

দুঃখ আমার কাছে ঢেউ তোলা নদী, জলস্রোত মোহনা
দুঃখ আমার কাছে কবিতা ও গান সহজে ধরা দেয় না
দুঃখ আমার কাছে নিঝুমরাতে একটানা মান্না`দে শোনা
দুঃখ আমার কাছে মায়াকান্না না, মানিয়ে নিলেই সান্ত্বনা

দুঃখ আমার কাছে রক্তাক্ত হয় ঠিক কিন্তু ভেঙে পড়ে না
দুঃখ আমার কাছে কেঁদো না, একা মানুষের দুঃখ থাকে না

গীতিকথা

এক.
মুখ লুকিয়ে আছি চেয়ে—ডাকি সর্বদায়
আমারে রাখিবায় নি তোমার রাঙা পায়।।

না-চিনিয়া জায়গা দিলাম মনের কোটায়
ভবের খেলায় মন উথালা রঙিলা আশায়
আশায় আশায় রাত্রি কাটে, দিনও ফুরায়
আমারে রাখিবায় নি তোমার রাঙা পা`য়।।

দূরে থাকো, উঁকি মারো, কামিনীর মায়ায়
আমার প্রাণে জাগে আরো মরণেরও ভয়
কী নিয়া যাইমু গো আমি, মনেতে সংশয়
আমারে রাখিবায় নি তোমার রাঙা পা`য়।।

যেথায় আমি যেমনে থাকি, তোমারে প্রাণে ডাকি
যে ক`টা দিন আছে বাকি, করিও না লুকালুকি
সৈয়দ আফসার দুখের দুঃখী ভাবের দুনিয়ায়।।

দুই.
কোন বাঁধনে বাঁধলে গো রাই, জানব বলে বসে আছি
আমি হার নেমেছি, হার মেনেছি গো, আমি হার মেনেছি

কাম-ক্রোধ-লালসায়, বোবা দেহের জোড়ায় জোড়ায়
খুঁজে পাই না কোন উপায়, কোথায় গিয়ে ঠেকেছি
আমি হার নেমেছি, হার মেনেছি গো, আমি হার মেনেছি

মনের কর্ম পরমধর্ম, বুঝে কী মানুষ তার মর্ম
ছয় রিপুরে করে বর্ম, নিজেকে সমর্পণ করছি
হায়-রে আমার যাপিতজীবন, দেখেশুনে বুঝেছি
আমি হার নেমেছি, হার মেনেছি গো, আমি হার মেনেছি

স্মৃতি যত হয় পুরাতন, নীরবতা মানে না বারণ
সবই তোমার এমন-ওমন হাঁটতে হাঁটতে জেনেছি
সৈয়দ আফসার নতুন আশায় হৃদয় ধরে টেনেছি
আমি হার নেমেছি, হার মেনেছি গো, আমি হার মেনেছি