হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি যুক্তরাষ্ট্রের হাতে: ট্রাম্প

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১১, ২০২৬

হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের কাছে তিনি এ দাবি করেন।

ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সেখানে মাঝে মাঝে নতুন করে মাইন পেতে রাখা হচ্ছে। সেগুলো শনাক্ত করে সরিয়ে ফেলার কাজও মার্কিন বাহিনী চালিয়ে যাচ্ছে।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ৫ মাসেরও বেশি সময় ধরে চলা সংঘাতের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এরই মধ্যে নৌপথটিতে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানানো হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। প্রতিদিন এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এর মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনায় ক্ষতিপূরণের দাবি তোলার কথা এর আগে জানিয়েছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করছে—এমন বক্তব্যের পর পাল্টা তেহরানের কাছ থেকেও অর্থ দাবি করার কথা বলেন তিনি।

বিশেষ করে ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আগে ওয়াশিংটনকে একাধিক শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে ইরান।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ও রয়েছে। ফলে হরমুজের নিয়ন্ত্রণ ও নৌপথটি পুরোপুরি চালুর প্রশ্নে দুই দেশের অবস্থানের মধ্যে এখনও বড় ধরনের মতপার্থক্য রয়েছে। সূত্র: সিএনবিসি ও আল জাজিরা