১ থেকে ১৯ জুন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মে ১০, ২০২৫

২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি অনুযায়ী, দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ঈদুল আজহার ছুটি শুরু হবে ১ জুন। ঈদের ছুটির সঙ্গেই চলবে গ্রীষ্মকালীন অবকাশও। এ ছুটি শেষ হবে ১৯ জুন।

সরকারি-বেসরকারি কলেজে ঈদুল আজহার ছুটি শুরু হবে ৩ জুন, চলবে ১২ জুন পর্যন্ত। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দীর্ঘ হওয়ায় ঈদের আগের ১৭ ও ২৪ মে দুই শনিবার সাপ্তাহিক ছুটির দিনে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের পাঠানো এ সংক্রান্ত চিঠিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করেছে।

ছুটিকালীন সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এবং উল্লিখিত সাপ্তাহিক ছুটির দিন (১৭ মে ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখার নির্দেশনা রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলা রাখার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে ৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত।