আবু তাহের সরফরাজের ছয় বর্ণের ছড়া
প্রকাশিত : নভেম্বর ১৭, ২০১৮
অ
অভিধান কাটে ধান নদী অববাহিকায়
অনুবাদ করে চাঁদ অতীতের লিপিকায়।
অবসর বাঁধে ঘর অলিগলি পেরিয়ে
অবকাশ, কই যাস? অবসাদ ছাড়িয়ে।
অবসান গায় গান অফিসের চেয়ারে
অনুকূল দুই কূল ডাকতেছে দেয়া রে।
অনাচার বলে তার অবিচার সয় না
অবতার যার তার সাথে ভাত খায় না।
অধিকার রাধিকার সাথে তোলে সেলফি
অনুচর তড়বড় খেতে চায় কুলফি।
জনগণ অনশন করে অনাহারে
অবদান ধরে কান তাই বারে বারে।
অজুহাত দুই হাত তুলে রাখে পকেটে
অজগর ঘরঘর উড়ে আসে রকেটে।
অপলক দুই লোক অচেনা অতিথি
অনাবিল খালবিল ছবি আঁকো ঝটিতি।
অনায়াস হাঁসফাঁস করতেছে কেন রে?
অনুভূতি ছুঁয়ে দিতি অনুরাগ যেন রে।
অকপট খটখট রোদেলা দুপুরে
অবিকল খলখল হেসে ওঠে খুকু রে।
অভিযোগ ঘোড়ারোগ অকারণ কারণে
অভিমান যেতে চান গরু নিয়ে চারণে।
অসুবিধা চুলে ফিতা বেঁধে যায় ইসকুল
অনুরোধ একটাই, অপচয় বিলকুল।
অবদান করে ভান অভিযান চালিয়ে
অতশত বুঝি না, অয়েল দে জ্বালিয়ে।
আ
আফসোস করো জোস আবছায়া আঁধারে
আজগুবি আনসার ডেকে ওঠে, দাদা রে।
আমলকি খাও আর খাও আবে জমজম
আঁজলা ভরে খাও, এরপর নাও দম।
আংশিক আলামত আলোচনা আহ্বান
খোঁচা খেয়ে আলপিন বলে ওঠে, গাও গান।
আলগোছ ধোরে মোচ আঁকে আলপনা
আঁইকুড়ো আলসের আঙিনায় সোনা।
আবদার ডাক্তার আনমনা আনাড়ি
আনাচে-কানাচে বসে খায় তেহারি।
আড়চোখে আতিপাতি আততায়ী চোখ
আইটেম আইবুড়ো আইঢাই লোক।
আয়োডিন আগাগোড়া আঘাতেও আগুয়ান
আঁকাবাঁকা আঁকিবুঁকি আগেভাগে ভেগে যান।
আখচাষে আবহাওয়া আয়েশি কামলা
আবডালে দ্যায় ফাল সরকারি আমলা।
আশপাশে আদালত আলিশান আলো
আলাভোলা আখলাক আখের গোছালো।
আমপারা আখেরাত আরবি হরফে
আউলিয়া আজমির আল্লার তরফে।
আচরণ আদাড়ে খায় শুধু আছাড়
আগডুম-বাগডুম বসে খায় আচার।
আজেবাজে আলোচনা আলাঝালা আষাঢ়ে
আগাপাছতলা দিয়ে গান গায় চাষা রে।
আঁকুপাঁকু আনচান আদমের প্রাণ
আখড়ায় আকুতি ভাষা পেয়ে যান।
আকাশের ওইপারে আদি আবাসন
আউশের ধানখেত আর কাশবন।
ই
ইংরেজ ইহুদি ইঁচড়ে পাকা
ইলশেগুঁড়ি সে দু’পায়ে চাকা।
ইনিয়ে বিনিয়ে ইদানীং ইংগিত
ইফতারি খেয়ে শোনে ভারতীয় সংগীত।
ইউনানি ইসলাম মাছ ধরে ইলিশ
ইকড়ি-মিকড়ি ইঁদুরের পুলিশ।
ইউরোপ-ইরানে যেতে চায় ইশারা
বাংলার ভাটফুল বসে পড়ে সেপারা।
ঈ ঊ ঋ
ঊষারাঙা ঊরমি ঈগলের ডানা
ঈশপের গল্প ঈশিতার জানা।
ঋণ নাকি একদিন পেয়েছিল আধুলি?
তাই নিয়ে গেল সে দেখতে গোধূলি।
ঋকবেদে ঋষিভাই চাষ করে মন
ঈদ এলে উৎসব করো আয়োজন।
ঈশান কোণে ঋতু
ঋজু এবং ভীতু।























