ওমানকে নিয়ে হরমুজে নৌপথ বানাচ্ছে ইরান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৬, ২০২৬
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি অস্থায়ী নৌপথ নির্ধারণে ইরান ও ওমান কাজ করছে বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শাহরারা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
আব্বাস আরাগচি বলেন, “ওমানের সঙ্গে ইরানের আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া—দুটি আলাদা বিষয়। ওমানের সঙ্গে আলোচনা চলছে। তবে এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নতুন নৌপথ নির্ধারণের একটি কৌশলগত আলোচনা।”
তিনি আরও বলেন, “আগে যে নৌপথগুলো ছিল, সেগুলো এখন আর কার্যকর নেই। তাই নতুন একটি পথ নির্ধারণ করতে হবে। আপাতত আমরা একটি অস্থায়ী নৌপথ তৈরি করছি, যা পরে প্রয়োজন অনুযায়ী স্থায়ী নৌপথে রূপ দেওয়া যেতে পারে।”
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নম্বর ধারায় হরমুজ প্রণালির নিরাপত্তা ও ভবিষ্যৎ ব্যবস্থাপনায় ইরানের ভূমিকার কথা বলা হয়েছে। এর মধ্যে সমুদ্র থেকে মাইন অপসারণের বিষয়টিও রয়েছে।
এই ধারার ভিত্তিতে ইরান ও ওমান একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। জলপথটির ব্যবস্থাপনা নিয়ে দুই দেশ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরাগচি বলেন, “আমরা শিগগিরই একটি সমাধানে পৌঁছাতে পারি। তবে আবারও বলছি, এই আলোচনা এবং হরমুজ প্রণালি খুলে দেওয়া—দুটি পৃথক বিষয়।”
তিনি আরও বলেন, “নতুন নৌপথ নির্ধারণ হয়ে গেলেও হরমুজ প্রণালি কবে খুলবে, তা নির্ভর করবে অন্যান্য কিছু শর্ত পূরণের ওপর আর এসব শর্ত যুক্তরাষ্ট্রকে পূরণ করতে হবে।” সূত্র: মিডল ইস্ট আই
























