ওসমানীনগরে দুটি বাসের সংঘর্ষে নিহত ৮

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৭, ২০২৬

সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর (কাশিকাপন) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহন এবং বিপরীতমুখী বেঙ্গল পরিবহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ৮ জন মারা যায়।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত এসে উদ্ধারকাজ শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান বলেন, “নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। সড়ক থেকে বাস দুটি সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”