‘জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে’

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

জুলাই বিপ্লবে আসা পরিবর্তন আজ বাস্তবে রূপ নেবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনের নির্বাচনি প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ বহু নির্বাচনে তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দীর্ঘ সময় ধরে জনগণ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পায়নি। তবে ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা আজ বাস্তবে প্রতিফলিত হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলন এবং গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের সময় যারা অসীম ত্যাগ স্বীকার করেছেন এবং জীবন দিয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহতাআলার কাছে তাদের শহিদি মর্যাদা কামনা করছি।”

জামায়াতে আমির বলেন, “অন্যায় ও ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি। মহান আল্লাহ যেন তাদের জান্নাতের নেয়ামত দান করেন। শহিদ ও আহতদের সাহসী লড়াইয়ের ফলেই আজকের এ বাংলাদেশ।”

তিনি আরও বলেন, “তারা যদি সেদিন জীবন উৎসর্গ না করতেন কিংবা আহত না হতেন, তাহলে ১২ তারিখে ভোটগ্রহণ সম্ভব হতো না। মহান স্রষ্টার ইচ্ছাতেই বিশ্ব পরিচালিত হয়। ২০২৪ সালে এমন পরিবর্তন ঘটবে— এটি কেউ কল্পনাও করেনি, কিন্তু সেটিই এখন বাস্তবতা।”

ডা. শফিকুর রহমান বলেন, “অতীতে নির্বাচন হলে আমার মতো দলের জ্যেষ্ঠ নেতারা কারাগারে ছিলেন। আমিও কারাবন্দি ছিলাম। ছয়-সাত মাস আগেও এমন পরিস্থিতি সৃষ্টি হবে বলে কেউ ভাবেনি, কিন্তু এখন বাস্তবতা বদলে গেছে।”

তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবকে জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। যারা তা করবে না, তারা অকৃতজ্ঞ হিসেবে বিবেচিত হবে। বড় ধরনের সংকট থেকে আল্লাহতাআলা জাতিকে মুক্ত করেছেন, তাই সেই বীরদের যথাযথ সম্মান জানানো সবার দায়িত্ব।”

ডা. শফিকুর রহমান বলেন, “চলমান নির্বাচনি প্রক্রিয়ার অংশ হিসেবে জামায়াতে ইসলামী তাদের নীতি ও ইশতেহার প্রকাশ করেছে এবং জনগণের সামনে ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেছে।”