নির্বাচনের ফল দ্রুত প্রকাশের দাবি তারেক রহমানের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

তারেক রহমান বলেন, “ভোটাররা যেন তাদের দেওয়া ভোটের ফল দ্রুত জানতে পারেন, সে বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। ফল প্রকাশে বিলম্ব হলে বিভ্রান্তি তৈরি হতে পারে।”

তিনি আরও বলেন, “ভোটের আগের দিন থেকেই বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যাচ্ছে। জনগণ যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করছি।”

তারেক রহমান বলেন, “জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারলে কোনো ষড়যন্ত্র সফল হবে না। ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। তবে ভোটে কারচুপি বা বিভ্রান্তি তৈরি হলে ফল মেনে নেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোটই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।”