নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নির্বাহী আদেশ

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ০৭, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুপ্রিম কোর্টে আগের নির্বাহী আদেশ বাতিল হওয়ার পর জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে নতুন দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার ওভাল অফিসে আদেশে স্বাক্ষর করার সময় ট্রাম্প বলেন, “জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তটি খুবই দুর্ভাগ্যজনক ছিল। তাই আমরা নতুন করে কিছু সমন্বয় করছি।”

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, “সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পেতে বিদেশিদের যুক্তরাষ্ট্রে আসা ঠেকাতে নতুন আদেশে উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “অন্য আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের অযোগ্য ব্যক্তিদের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এর আওতায় বিদেশি সরকারের পক্ষে লবিং করা বিদেশি নাগরিকদের সন্তানদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।”

স্টিফেন মিলার বলেন, “অনেকেই পর্যটকের পরিচয়ে যুক্তরাষ্ট্রে আসে, তারা বলে ডিজনিল্যান্ড বা কোনো জাতীয় উদ্যান দেখতে এসেছে। কিন্তু প্রকৃত উদ্দেশ্য থাকে এখানে সন্তান জন্ম দেওয়া, যাতে সেই সন্তান স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পায়।”

তিনি আরও বলেন, “এভাবে জন্ম নেওয়া মার্কিন নাগরিক সন্তানের মাধ্যমে পরিবার পরে বিভিন্ন সরকারি সুবিধা, এমনকি ভবিষ্যতে ভোটাধিকারসহ অন্যান্য নাগরিক সুবিধা ভোগের সুযোগ পায়।”