ভোটের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

আজ মঙ্গলবার সকাল থেকে গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। বুধবার শেষ কর্মদিবস হওয়ার কথা থাকলেও অনেকেই আগেভাগে পরিবার নিয়ে রওনা দিয়েছে।

পরিবহণ সংশ্লিষ্টরা জানিয়েছে, বুধবার থেকে ভিড় আরও বাড়বে। বাসের আগাম টিকিটও প্রায় শেষ। কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিটের জন্য দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেয়ার সুযোগ পেয়ে সবাই নিজ এলাকায় ছুটছে।

চাকরি ও কর্মসূত্রে ঢাকা ও গাজীপুরে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ বসবাস করে। এই বিপুল সংখ্যক মানুষের স্থায়ী ঠিকানা গ্রামে, মফস্বল শহরে। তারা নিজ নিজ এলাকার ভোটার। ১৭ বছর ধরে ভোট দিতে না পারা বহু মানুষ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, যা নির্বাচনি প্রচারের সময় স্পষ্ট হয়ে ওঠে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ঘিরে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকরা পেয়েছে ৪ দিনের ছুটি। এই সুযোগে ঢাকা ও গাজীপুরের অস্থায়ী ঠিকানার ভোটাররা স্থায়ী ঠিকানার পথে ছুটেছে ভোটাধিকার প্রয়োগ করতে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার রায় দেবে প্রাপ্তবয়স্ক নাগরিকরা। এই উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার সাধারণ ছুটি। পরদিন শুক্রবার সাপ্তাহিক ছুটি। অবশ্য শিল্পাঞ্চলের শ্রমিক, কর্মচারীদের জন্য আজ মঙ্গলবার ছুটি।