লিবিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবে মৃত ৫৩

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১০, ২০২৬

লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী রাবারের একটি নৌকা উল্টে ২ শিশুসহ ৫৩ জন মারা গেছে। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এ তথ্য জানিয়েছে।

আইওএম জানিয়েছে, নৌকার ৫৫ যাত্রীর মধ্যে মাত্র নাইজেরিয়ার দুই নারী নাগরিক বেঁচে গেছে। শুক্রবার লিবিয়ার কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে। নৌকায় আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসী ও শরণার্থীরা ছিল।

উত্তর-পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর আল-জাওইয়া থেকে যাত্রা শুরুর প্রায় ৬ ঘণ্টা পর পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। চলতি বছরের এখন পর্যন্ত লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে প্রায় ৫০০ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছে।

লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি ২০১১ সালে নিহত হওয়ার পর থেকে ইউরোপে পৌঁছানোর আশায় সাব-সাহারান আফ্রিকা থেকে আসা অভিবাসীদের জন্য লিবিয়া প্রধান প্রস্থান কেন্দ্রে পরিণত হয়েছে।

বেঁচে যাওয়া অভিবাসীরা আইওএমকে বলেছেন, স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে ত্রিপোলির পশ্চিমের আল-জাওইয়া থেকে রাবারের নৌকাটি ছেড়ে যায়। কয়েক ঘণ্টা পর শুক্রবার ভোরে জুওয়ারার উত্তরে নৌকাটি উল্টে যায়।

এই দুর্ঘটনার তথ্য পেতে এত দেরি কেন হলো, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি।

আইওএম বলেছে, দুই জীবিত নারীর একজন জানিয়েছেন, তিনি স্বামীকে হারিয়েছেন। অন্যজন বলেছেন, তার দুই শিশুই মারা গেছে। আইওএমের উদ্ধারকারী দলের সদস্যরা দুজনকেই জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে।

আন্তর্জাতিক এই অভিবাসন সংস্থা বলেছে, জানুয়ারিতেই মধ্য-ভূমধ্যসাগরে ভয়াবহ শীতকালীন আবহাওয়ার মাঝে একের পর এক নৌকাডুবির ঘটনায় অন্তত ৩৭৫ অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। সূত্র: বিবিসি