রওশন আরা মুক্তার ৫ কবিতা
প্রকাশিত : নভেম্বর ১৬, ২০১৮
পোস্টার
আমিও তো সমাবেশ করেছি
মাথায় ব্যান্ডানা বেঁধে দাঁড়িয়েছি পতাকা হাতে
সারা গায়ে ধুলা মেখে খালি পায়ে
প্রবেশ করেছি তোমার শহরে
প্রতিনিয়ত আমিও কি দেখি নাই
মেয়েদের কান্না, নবজাতকের লাশ?
ক্ষতবিক্ষত সংবিধান, রিট-রায়ের পাতা
যুগে যুগে ফ্রি ড্রাগ সাপ্লাইয়ের নিকাশ?
আমি পিঠের পিছনে ছুরিকাহত
আমি রাজপথে কলম-খাতা
আমি থাকি গ্রামে-নগরে-বন্দরে
হেলায়ফেলায় অস্বীকার অনাদরে
আকাশ-জমিন ঢাকা পড়ে গেছে
পবিত্র কোরান পোড়া ছাইয়ে।
কাঁচি
বিষাক্ত কোলাহলের দুপুরে,
প্রেমিকার রাত ভেবে ভেবে
রোদ মেখে গায়ে কে হেঁটে যায়?
এ যে খোদার অভিশাপ;
লাল পতাকা ললাটের বিষুবরেখায়।
মক্তবে যায়নি সে ছোটকালে
তবে পরীক্ষা দিয়েছে দফায় দফায়
এক আলিফেই ভেঙেচুরে গেছে
নিজেকে নিয়ে গেছে সর্বোচ্চ সীমায়
সুতাগুলো কেটে দাও জাদু
এই যে তোমারে চারপাশ থেকে
জড়ায়া ধরতেছে আলো
সিনথেটিক সুতার বন্ধনে
আটকে থেকো না।
পৃথিবীটা প্রেমের জায়গাও,
সুতরাং সুতা ছিড়তে পারলে তবে;
তবেই তুমি আগাও
গণতন্ত্র
আবার তোমাকে বিরক্ত করছি পাখি
কেন আমি জেগে আছি তাই তুমিও জেগে নাকি
অথচ তুমি জেগে নাই আর মেঘ মাখা বাতাসে
তুমি জেগে নাই বৃষ্টিতে
তুমি জেগে নাই শীতে
তুমি জেগে নাই কোনো রাত্রির রাতে
না তুমি ঘুমিয়ে আছো পাখি
না তুমি জাগা
পৃথিবী জুড়ে হাসপাতাল আজকে
পৃথিবী জুড়ে লঙ্গরখানা
কোলবালিশের পাশে আমার মেয়ে ঘুমায়
আমার ডান হাতের পাশে চাপাতিটা রাখা
পালসি ঝড়
রাস্তার দু’পাশে, বালিকার স্পাইরাল-করা লাল চুলে
সভ্যতার লালসা, অন্য দিকে ভ্রূকুটি।
অথবা হিজড়ার বুকউঁচু-মাথানিচু চলাচল,
কালো লাশ চাটাইয়ে বাঁধা,
ছুটছে ভ্যান গাড়ি মোটরের আগে।
তবুও চাররঙা পোস্টারে ছাওয়া শহর,
পারিবারিক জলছাপ-কোলে চোর-চোর চোখ,
বিবমিষা জাগে-
শিশ্নোদরপরায়ণ পুরুষ সব।
এর মাঝেই ঝড়গুলো যখন-তখন আসে।
বাসের জানালার বাইরে-
বড় রাস্তার ফুটপাথ
লাল নীল বাতিজ্বলা পাঁচতলা বাড়ি
(এর চেয়ে উচুঁতে আমার ভয়)।
কোনো ভলান্টিয়ার নিরাপত্তা-পোশাক পরার সময় পায়নি,
কর্কশ বাঁশি ফুঁ দেয়নি,
ঝড় চকিতেই সব ধুয়ে দিয়ে গেছে।
অযথা ঝড়-বওয়া বুক নিয়ে চলি;
নিজেকে খুব উটকো লাগে।
পাওয়া না-পাওয়ার লিস্ট তো শুধু লম্বা-ই হয়,
বেঁচে থাকলে।
অগ্নিবার্তায় প্রথমেই দৃশ্য ধারণ করেছিল
ইন্দোনেশিয়ান রমণীর ফোম-দেওয়া ব্রা-গুলো;
কাঠের দেয়ালে ঝুলে আছে অবীরা-অসার!
আজ ওরা ছাই।
আমার চুল-হাত-পা-ও ভস্ম হ’ত
বিবসনা নারীর বর্ণিল হিজাবের সাথে
হয়নি কি তারও আগে? আমার আকখুটে মন?
অথচ শীতকালে,
আমিই তো গায়ে জড়িয়েছি এ-প্রভঞ্জন!
তবে কেন-
বন্ধুরা যতই অখাদ্য বলুক;
কেন দেখব না হতোদ্যম আমি,
প্রতিজ্ঞা আর তার শাশুড়ির আকচা-আকচি
উদ্বাহ-হীরক-চূর্ণে চকচকে আমার সকল স্বপন।
বেদাত
কানে ইয়ারফোন দিয়ে শুনছিলাম
লানা দেল রে-র সিরিয়াল কিলার গান
আমি যা ভালবাসি করতে
আমি পারি না আমাকে থামাতে
বোরকা-পরা মেয়ে ইয়ারফোন কানে
চিত্র সুবিধার না
পাশের যাত্রী উশখুশ করে
কী আমি শুনি এত,
শুধায় মাতৃতান্ত্রিক স্বরে
শুনিতেছি আমি
সাঈদী হুজুরের ওয়াজ
আপনি শুনবেন?
না না, ঠিক আছে
আল্লাহ আপনাকে বেহেশত নসিব করবেন।























