লেবাননে হিজবুল্লাহর ২ কমান্ডারকে হত্যা করল ইজরায়েলের

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৬, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক হামলা চালিয়ে হিজবুল্লাহর ২ কমান্ডারকে হত্যা করেছে ইজরায়েল। আজ রোববার ইজরায়েলি সামরিক বাহিনী বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহর ব্যাডার ইউনিটের জ্যেষ্ঠ কমান্ডার আবু হাসান আলাকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আবু হাসান আলা দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনাদের বিরুদ্ধে হামলা পরিচালনা এবং সেনাদের লক্ষ্য করে বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ভূমিকা রেখেছিলেন।

এর আগে দক্ষিণ লেবাননের আনসার এলাকায় চালানো হামলায় হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের ব্যাটালিয়ন কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হয়েছেন বলে দাবি করে ইজরায়েল।

ইজরায়েলি সামরিক বাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে ইজরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহর হামলার জবাবেই এসব অভিযান চালানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আনসারে একটি বাড়িতে ইজরায়েলি হামলায় ৩ শিশু ও ২ নারীসহ সাতজন নিহত হয়। দেইর এজ-জাহরানিতে চারজন নিহত হয়। সব মিলিয়ে অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।

এই হামলাগুলো জুনে কার্যকর হওয়া ইজরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর দক্ষিণ লেবাননে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর মধ্যে অন্যতম। নতুন করে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় যুদ্ধবিরতি টিকে থাকা এবং অঞ্চলটিতে সংঘাত আবারও বড় আকার নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

হিজবুল্লাহ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে লেবাননের কর্মকর্তারা বেসামরিক নাগরিক নিহতে উদ্বেগ প্রকাশ করেছে। ফলে সাম্প্রতিক হামলার পর ইজরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।