‘শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২৬
নির্ধারিত সময়ে আপিল না করায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা আইনিভাবে আপিলের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আজ সোমবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চিফ প্রসিকিউটর বলেন, “মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তি রায়ের ৩০ দিনের মধ্যে আপিল না করলে তিনি আর সেই সুযোগ পাবেন না। সেই অনুযায়ী, নির্ধারিত সময়ে আপিল না করায় শেখ হাসিনা আপিলের সুযোগ হারিয়েছেন।”
তিনি আরও বলেন, “ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্তদের বাজেয়াপ্ত সম্পদ কোন প্রক্রিয়ায় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হবে, সে বিষয়ে আইনি পর্যালোচনা চলছে। কোনো ব্যক্তিকে ২৪ ঘণ্টার বেশি সময় আটক রেখে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার না দেখানো কিংবা আইনি লড়াইয়ের সুযোগ না দেওয়া হলে, ওই অতিরিক্ত সময়টুকুকে গুম হিসেবে গণ্য করা হবে।”
চিফ প্রসিকিউটর বলেন, “গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত নতুন আইনের সাথে ট্রাইব্যুনালের কার্যপদ্ধতির কোনো সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হবে না। প্রাপ্ত সকল গুমের অভিযোগ গভীরভাবে যাচাই-বাছাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
























