পশ্চিম তীরের অবৈধ বসতি সরাচ্ছে ইজরায়েল

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরে ইজরায়েলি উগ্র বসতি স্থাপনকারীদের তৈরি অননুমোদিত বসতি ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, এ সিদ্ধান্তের পেছনে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের জোরালো রাজনৈতিক চাপ রয়েছে।

সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই গড়ে ওঠা অস্থায়ী কাঠামোর এসব বসতির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। এর আগে কিছু বসতি ভাঙা হলেও অনেকগুলোকে আবার সরকারি স্বীকৃতি ও অর্থায়ন দিয়েছিল ইজরায়েল।

জালুদ গ্রামের ৩টি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করা ঘরবাড়িতে নিরাপদে ফিরিয়ে দিতে ইজরায়েলি প্রতিরক্ষা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের চোখে পশ্চিম তীরে সব ইজরায়েলি বসতিই অবৈধ হলেও ইজরায়েল এটিকে বিতর্কিত ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি সহিংসতায় যুক্ত বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে কঠোর শাস্তির আহ্বান জানান। ইজরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটের তথ্যমতে, প্রায় ১০০টি বসতি এই নির্দেশের আওতায় পড়বে।

অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করে জানিয়েছেন, এরিয়া এ এবং বি অঞ্চলে তৈরি অননুমোদিত কাঠামো উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এরিয়া সি’তে বসতি সম্প্রসারণ জোরদার রাখা হবে।

ইজরায়েলি সংগঠন পিস নাও-এর হিসাব অনুযায়ী, পশ্চিম তীরে বর্তমানে ৩৪০টি অননুমোদিত বসতি এবং ১৪৬টি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বসতি রয়েছে। সূত্র: রয়টার্স