কেপ ভার্দেতে বাস পাহাড়ি খাদে পড়ে নিহত ২৫

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : সেপ্টেম্বর ০৭, ২০২৬

পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে বাস খাদে পড়ে ২৫ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই শিশু ও কিশোর-কিশোরী। দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফোগো দ্বীপের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান জোসে কানুতো জানান, শনিবার গভীর রাতে দেশটির ফোগো দ্বীপে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধারকারী সূত্র জানায়, ৩২ যাত্রী নিয়ে একটি বাস স্কুলের শিক্ষাসফর শেষে সাও ফিলিপ শহরে ফিরছিল। পথিমধ্যে পিকো দো ফোগো আগ্নেয়গিরির মৃত জ্বালামুখের কাছে চা দাস কালদেইরাস এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর গিরিখাতে পড়ে যায়।

দুর্গম পাথুরে উপত্যকায় দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আটকে পড়া ভুক্তভোগীদের উদ্ধারে রাতভর কাজ করে জরুরি পরিষেবার কর্মীরা।

বাসটির চালক প্রতি বছর নিজ খরচে শিক্ষার্থীদের দেশের নানা স্থানে শিক্ষাসফরে নিয়ে যেতেন। এবারও তিনি ছিলেন এই ভ্রমণের আয়োজক। দুর্ঘটনায় তিনিও নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম আরসিভি জানায়, রোববার ভোরে নিহতদের মধ্যে সাতজনকে দাফন করা হয় এবং দিনের বাকি সময়ে অন্যদের শেষকৃত্য সম্পন্ন করার কথা রয়েছে।

উল্লেখ্য, উন্নত সড়ক ব্যবস্থা ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থার কারণে কেপ ভার্দেতে এ ধরনের বড় সড়ক দুর্ঘটনা অত্যন্ত বিরল।