প্রতীকী ছবি
সাঈফ ইবনে রফিকের কবিতা ‘আমি বসে আছি’
প্রকাশিত : আগস্ট ১৬, ২০২৬
আমি বসে আছি
আত্মা দেহ ছেড়ে বেরিয়ে গেল
বেড়াতে গেছে
আবারও ফিরবে।
আমি বসে আছি
অথচ আমার মধ্যে আমি নেই।
শ্বাসের ওঠানামা আছে
রক্তের দৌড়ঝাপ আছে
ব্রিদিং ব্লাড প্রেশার
সব ঠিকঠাক।
শুধু আমি নেই।
আমার আত্মা যখন
এভাবে ঘুরে বেড়ায় পাড়াময়
মন তখন অবচেতন
তোমরা বলো অজ্ঞান
অথচ আমি বসে আছি।
মুসলমানরা একে মোরাকাবা বলছে
হিন্দুরা বলছে ধ্যান। ইউরোপীয় জ্ঞান
একে মনোনিয়ন্ত্রিত মেডিটেশন বলে
চালিয়ে দিচ্ছে কিছু না বুঝেই।
বিশ্বাস করো, আমি স্রেফ বসে আছি।
আত্মা বেড়িয়ে এসেছে কাবাঘর
নবির রওজা
নায়েবে রাসুলের দরবার
আর দাদাজানের মাজার।
আমি বসে আছি—
শরীরী ঠোঁট আত্মার সাথে যেতে পারেনি
তাই চুমু খেতে পারেনি হাজরে আসওয়াদ।
এ কথা শুনে তিনি হাসলেন!
বললেন, মানসিক রোগের ডাক্তার দেখাও।
বললাম, বেশ। এরপর এভাবে বসলে
আত্মাকে ডাক্তারের কাছে পাঠাবো।
হায়, আত্মা যদি
এই দুনিয়াবি আমার কথা শুনতো!
























