৩ আসনে 'বিশৃঙ্খল কেন্দ্র', ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ফেব্রুয়ারি ১২, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণে বিশৃঙ্খলার অভিযোগ তুলে সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‎প্রধান নির্বাচন কমিশনারএ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানান জোটের প্রতিনিধিদল।

জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “বিভিন্ন স্থানে ভোট গ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগের ভিডিও ও তথ্য সিইসির কাছে উপস্থাপন করা হয়েছে। কুমিল্লা-৮ বড়ুরার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ৩০টা সেন্টারের এজেন্টকে তারা বের করে দেয়।”

তিনি আরও বলেন, “সেটা স্থানীয়ভাবে প্রশাসন ও রিটার্নিং অফিসারকে জানানো হয়। রিটার্নিং অফিসারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেন নাই। এরপরে ওখানকার আমাদের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ এবং সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব; তিনি নিজ হাতে লিখিত দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটা বন্ধ রাখার জন্য আবেদন জানান। আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি সিইসি মহোদয়ের কাছে।”

মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, “বিষয়টি দেখা হবে বলে আশ্বস্ত করেছে কমিশন। নরসিংদী-৪ আসনে প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ বেলাবো পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জোরপূর্বক সে সিল মারার উৎসব করেছে ও টাঙ্গাইলের গোপালপুর এবং ভুয়াপুরে ১১ দলীয় জোটের অধিকাংশ এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছি।”