ইজরাইলে নতুন দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ০৭, ২০২৬

ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইজরায়েলি সামরিক বাহিনী।  এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় ইজরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠানো হয়েছে। প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বর্তমানে সক্রিয় রয়েছে।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।

এর পরদিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইজরায়েলও।

হামলার পাল্টা জবাব হিসেবে ইজরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, এ যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। সূত্র: আল জাজিরা