ইরাককে সামরিক ঘাঁটি না বানাতে শিয়া আল-সুদানির আহ্বান
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : মার্চ ১০, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরাককে যেন কোনো ধরনের হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয় সেজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রতি আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি।
সুদানি টেলিফোনে রুবিওকে বলেন, “ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যে-কোনো চেষ্টা আমরা প্রত্যাখ্যান করব এবং যে-কোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করব।”
উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়।
যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের ওপর অভিযোগ রয়েছে, তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই গোষ্ঠীগুলো ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে। সূত্র: আল জাজিরা
























