ইরানের হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্য ছাড়ছে মার্কিন কূটনীতিক

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে তুরস্ক ও সৌদি আরব থেকে বেশ কিছু কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জারি করা জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের অপরিহার্য নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর এক দিন আগে রোববার  সৌদি আরবে নিযুক্ত মার্কিন কূটনৈতিক মিশনের কর্মীদের জন্যও একই নির্দেশনা জারি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের জেরে ইরানের দিক থেকে বড় ধরনের প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সোমবার স্টেট ডিপার্টমেন্টের অনুষ্ঠানে উপস্থিত থাকলেও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি। তবে প্রশাসনের এই আকস্মিক সিদ্ধান্তে মার্কিন নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পররাষ্ট্র দপ্তরের এই পদক্ষেপকে অপরিকল্পিত ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত আমেরিকানদের জন্য অনিশ্চয়তার কারণ হিসেবে দেখছে।

পেন্টাগন জানিয়েছে, ইরানের প্রাথমিক হামলাগুলো মোকাবিলা করতেই এ পর্যন্ত প্রায় ৫.৬ বিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম ব্যয় হয়েছে। এই বিপুল পরিমাণ সামরিক ব্যয় ও কূটনীতিকদের সরিয়ে নেওয়ার ঘটনা প্রমাণ করে, আঞ্চলিক পরিস্থিতি ক্রমশ আরও অস্থিতিশীল হয়ে উঠছে।

এই সংকটে আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের অন্যান্য মিশনেও একই ধরনের সতর্কতা জারি করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট