ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২০, ২০২৬

ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার ইরানের পরমাণু শক্তি সংস্থা (এইওআই) বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় রোববার ভোরে খুজেস্তান প্রদেশের দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। এ হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ইরানে ২০২২ সালে দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছিল। কয়েকদিন ধরে দেশটির বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে, যার জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বেড়েছে। ইরানের সামরিক-বেসামরিক স্থাপনার লক্ষ্য করে এক সপ্তাহ ধরে টানা হামলা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন হামলার জবাবে কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা সব স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও।

যুদ্ধের অবসান এবং স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে জুনে পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে তেহরানের বাধা দেওয়ার অভিযোগে ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি ও আনাদোলু