কথাসাহিত্যিক শংকরের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : ডিসেম্বর ০৭, ২০২৫

কথাসাহিত্যিক শংকরের আজ জন্মদিন। ১৯৩৩ সালের ৭ ডিসেম্বর যশোরের বনগ্রামে তার জন্ম। তার আসল নাম মণিশংকর মুখোপাধ্যায়। বাবা আইনজীবী হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেই চলে যান কলকাতার ওপারে হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা, পড়াশোনা ও সাহিত্য সাধনার শুরু।

 

জীবনের শুরুতে কখনো ফেরিঅলা, টাইপরাইটার ক্লিনার, কখনো প্রাইভেট টিউশনি, কখনো শিক্ষকতা অথবা জুট ব্রোকারের কনিষ্ঠ কেরানিগিরি করেন। এক ইংরেজের অনুপ্রেরণায় শুরু করেন লেখালেখি।

 

শংকরের প্রথম বই ‘কত অজানারে’ প্রকাশিত হয় ১৯৫৫ সালে। এর মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। তার লেখা চৌরঙ্গী, সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস তিনটি নিয়ে চলচ্চিত্র নির্মিত করেন সত্যজিৎ রায়।

 

শংকরের লেখা বইগুলো হচ্ছে: রসবতী, বঙ্গ বসুন্ধরা, চরণ ছুঁয়ে যাই, শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, মনজঙ্গল, রূপতাপস, মরুভূমি, আশা-আকাঙ্ক্ষা, তীরন্দাজ, পটভূমি, কামনা বাসনা, অনেক দূর, সুখ সাগর, সীমন্ত সংবাদ, চৌরঙ্গী, একদিন হঠাৎ, মুক্তির স্বাদ, কাজ, নবীনা, এবিসিডি, যেখানে যেমন, বাংলার মেয়ে, এক ব্যাগ শংকর, ঘরের মধ্যে ঘর, সোনার সংসার, মাথার উপর ছাদ, মানবসাগর তীরে, সুবর্ণ সুযোগ, সীমাবদ্ধ, স্থানীয় সংবাদ, এপার বাংলা ওপার বাংলা, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, বোধোদয়, এক দুই তিন, সার্থক জনম, মানচিত্র প্রভৃতি।

 

২০১৬ সালে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট সম্মান, ২০১৯ সালে ১ বছরের জন্য কলকাতার শেরিফ পদে মনোনয়ন এবং ২০২০ সালে ‘একা একা একাশি’ বইটির জন্য সাহিত্য অকাদেমি পুরস্কার অর্জন করেন।