কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আজ জন্মদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : নভেম্বর ০২, ২০২৫

কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। ১৯৩৫ সালের ২ নভেম্বর ময়মনসিংহে তার জন্ম। ময়মনসিংহে ১১ বছর কাটানোর পর তার বাবা রেলের চাকরি পেয়ে কলকাতায় চলে আসেন।

এরপর পরিবারটি কলকাতায় মনোহরপুকুর রোডে একটা ফ্ল্যাটে থাকতে শুরু করেন। পিতার রেলে চাকরি সূত্রে অসম, বিহার, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে থেকেছেন শীর্ষেন্দু। কাটিহারে দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হবার সময় ভীষণ দুষ্টু ছিলেন তিনি।

কুচবিহার ভিক্টোরিয়া কলেজ থেকে আইএ পাস করে পাকাপাকিভাবে আবার কলকাতায় চলে আসেন। ১৯৫৫ সালে সিটি কলেজে বাংলা অনার্স নিয়ে ভর্তি হন। পরবর্তীকালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পড়েন।

দীর্ঘকাল দেশ পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেন। সাহিত্যে তার অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন। শিশু সাহিত্যে অবদানের জন্য ১৯৮৫ সালে তিনি বিদ্যাসাগর পুরস্কার লাভ করেন।

১৯৮৮ সালে ‘মানবজমিন’ উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। ২০১২ সালে বঙ্গবিভূষণ পুরস্কারে সম্মানিত হন। এছাড়া তিনি ১৯৭৩ ও ১৯৯০ সালে আনন্দ পুরস্কার পান।