কবি শামসুর রাহমানের আজ মৃত্যুদিন

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৬

কবি শামসুর রাহমানের আজ মৃত্যুদিন। ২০০৬ সালের ১৭ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার মাহুতটুলিতে তার জন্ম।

শামসুর রাহমান প্রেম, দ্রোহ ও বিশ্বজনীনতা নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। যা আজও সব বয়সের মানুষকে উজ্জীবিত করে। সর্বোপরি কবিতা রচনায় স্বাধীনতার কণ্ঠকে তিনি ধারণ করেন। এ কারণেই তার সৃষ্টিশীলতার বিশালতাকে বাংলা কবিতায় তাকে স্বাধীনতার কবি বলা হয়।

শামসুর রাহমানের প্রথম কবিতার বই ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশ পায় ১৯৬০ সালে। এরপর ষাট দশকে প্রকাশিত বইগুলো হচ্ছে, রুদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে বসতি, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, মাতাল ঋতিকসহ মৃত্যুর আগপর্যন্ত কবির ষাটটি কবিতার বই প্রকাশ পায়।

এছাড়া আটটি শিশুতোষ, গল্পগ্রন্থ একটি, উপন্যাস অক্টোপাস ও অদ্ভুত আঁধার, নাটক ও কবিতা সমগ্র, অনুবাদ গ্রন্থ ৯টি, নির্বাচিত কলাম, নির্বাচিত কবিতার চারখণ্ডসহ কবির বিভিন্ন বিষয়ে প্রকাশিত বইয়ের সংখ্যা শতাধিক।

পেশাগতভাবে কবি শামসুর রাহমান লেখালেখি ও সাংবাদিকতা করেছেন। ষাট দশকের মধ্যভাগে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকায় (দেশ স্বাধীনতার পর দৈনিক বাংলা) যোগ দেন। দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস ও সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক ছিলেন। এছাড়া কবি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন।

সাহিত্যে অবদানের জন্য একুশের পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আদমজী পুরস্কার, কলকাতা থেকে আনন্দ পুরস্কারসহ অসংখ্য পুরকার লাভ করেন।