চট্টগ্রামে শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়া, নিহত ৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ কারখানায় আজ শুক্রবার সকালে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ জন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
নিহত ৫ জনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন: সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই ভাই মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তাদের সবার বাড়ি সীতাকুন্ড উপজেলার ভাটিয়ারিতে। নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, আজ সকালে ইয়ার্ডের একটি জাহাজে হাউজ কিপিংয়ের কাজ করছিল শ্রমিকরা। এ সময় জাহাজটির একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস নির্গমন হতে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ভেতরে ঢুকে শ্রমিকদের উদ্ধারে কাজ শুরু করে।
পরে সেখান থেকে ৩ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছে। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে আরও দুজন মারা গেছে। এ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি। আরও তিনজন মারা গেছে বলে জানতে পেরেছি।”
ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বলেন, “ঘটনাস্থালেই তিনজন মারা গেছে। এ সময় আহত হয় কয়েকজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজন মারা যায়।”
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।























