‘ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে’
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৪, ২০২৬
ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। মার্কিন সম্প্রচারমাধ্যম পিবিএস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, “এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, আমরা তত বেশি অভিজ্ঞতা অর্জন করব। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কীভাবে লড়তে হয় তা শেখার জন্য প্রকৃত অভিজ্ঞতা অর্জনের মতো কোনো বাস্তব যুদ্ধ আমরা এর আগে কখনও দেখিনি। এই ৫ মাসে আমরা শিখে গেছি কীভাবে লড়তে হয়।”
তিনি আরও বলেন, “আমাদের এমন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে শত্রু আর আক্রমণের সাহস না পায়, আমরা যেন নিরাপদে থাকতে পারি। এর একটি উপায় হলো, এই যুদ্ধকে ট্রাম্পের মেয়াদের শেষ দিন (২০২৯ সালের ২০ জানুয়ারি) পর্যন্ত দীর্ঘায়িত করা এবং প্রতিপক্ষকে ক্লান্ত করে ফেলা; যাতে অন্য কেউ ইরানে হামলা করতে চাইলে বুঝতে পারে যে, এর মূল্য দিতে হবে।”
জেনারেল মোহাম্মদ রেজা নাকদি বলেন, “চলমান যুদেধ পারমাণবিক বোমা ব্যবহার করা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ভুল হবে। যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলার পরদিন সকালেই বিশ্বজুড়ে তাদের সব সামরিক ঘাঁটি হাতছাড়া হয়ে যাবে। আজকের বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো নয়, মানুষ এখন সচেতন। এমন অপরাধ করাটা কেউ মেনে নেবে না। কারণ, এর পরবর্তী শিকার তারা নিজেরাও হতে পারে।”
তিনি আরও বলেন, “জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা গোটা বিশ্বের মানুষের হৃদয় জয় করেছি, সেটাই আমাদের পারমাণবিক বোমা। ফলে অহেতুক ধ্বংসলীলা বা পারমাণবিক অস্ত্রের কোনো দরকারই আমাদের নেই। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।”























