চট্টগ্রামে সাপের কামড়ে আহত ৭৫
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : জুলাই ১৩, ২০২৬
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের দুর্গত এলাকায় কয়েক দিনে সাপের কামড়ে ৭৫ জন আহত হয়েছে। এখন পর্যন্ত সাপের কামড়ে কেউ মারা যায়নি। রোববার বিকেলে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সগুলোয় অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন জানান, বন্যাদুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম কাজ করছে।
এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকাযোগে হাসপাতালে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
চট্টগ্রামের ৫ জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে রাঙামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন ও মৌলভীবাজারে একজন রয়েছে।
এছাড়া আহত হয়েছে ৩৯ জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে একজন, বান্দরবানে দুজন, কক্সবাজারে ২৪ জন ও চট্টগ্রামে ১২ জন।
























