টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস

ছাড়পত্র ডেস্ক

প্রকাশিত : জুলাই ২৮, ২০২৬

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে ৪ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সোমবার রাতে প্রকাশিত ৪ দিনের আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়, মঙ্গলবার সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একই সময়ে ঢাকা, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ৫১ থেকে ৭৫ শতাংশ এলাকাতেও বৃষ্টিপাত হতে পারে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

এছাড়া ৩০ ও ৩১ জুলাই রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই সময়ের মধ্যে দিনের তাপমাত্রা ৩০ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৫ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।