তিন শহরে আজ চালু হচ্ছে মহিলা বাস
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : আগস্ট ১৮, ২০২৬
নারীদের জন্য স্বাচ্ছন্দ্যময় গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে আজ ১৩ রুটে নামছে ১৪টি বাস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে নারীদের জন্য এই বিশেষ মহিলা বাস বা পিংক বাস নামানো হচ্ছে।
ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় নারী চালক ও কন্ডাক্টররা এই বাসগুলো পরিচালনা করবে। এতে থাকছে অনলাইন টিকিটিংয়ের সুব্যবস্থা। ১০টি ডিপো থেকে এই বাসগুলো ছাড়া হবে। আর সারা দেশের ১৩৪টি স্টপেজ থেকে নারী যাত্রীদের বিভিন্ন গন্তব্যে আসা-যাওয়ার জন্য বাসে তোলা হবে।
বিআরটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকায় বিআরটিসির ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি পিংক বাস নামানো হচ্ছে। সরকার নির্ধারিত ভাড়ায় যাত্রীরা এই বাসে নিজস্ব গন্তব্যে চলাচল করতে পারবে।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের জন্য এই বিশেষ পিংক বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নারীদের স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ যাত্রার জন্যই এই বিশেষ বাস। এখানে চালক ও কন্ডাক্টর সবাই মহিলা।”
























