দার্শনিক ভলতেয়ারের আজ জন্মদিন
ছাড়পত্র ডেস্কপ্রকাশিত : নভেম্বর ২১, ২০২৫
ফরাসি দার্শনিক ভলতেয়ারের আজ জন্মদিন। ১৬৯৪ সালের ২১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে তার জন্ম। পিতা ফ্রঁসোয়া আরুয়ে ছিলেন নোটারি ও সরকারের ট্রেজারি দপ্তরের কর্মকর্তা। মা মারি মার্গ্যরিত দোমার ছিলেন ফ্রান্সের পোয়াতু প্রদেশের সম্ভ্রান্ত পরিবারের মেয়ে।
১৭০৪ থেকে ১৭১১ সাল পর্যন্ত ভলতেয়ার কোলেজ লুই-ল্য-গ্রঁ নামক বিদ্যালয়ে জেসুইট পাদ্রিদের কাছে পড়াশোনা করেন। এখানেই লাতিন ও গ্রিক ভাষা শেখেন। পরবর্তী জীবনে ভলতেয়ার ইতালীয়, স্পেনীয় ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন।
তার আসল নাম ফ্রঁসোয়া-মারি আরুয়ে। ছদ্মনাম ভলতেয়ার নামেই বেশি পরিচিত তিনি। তার বাকচাতুর্য ও দার্শনিক ছলাকলা সুবিদিত। নাগরিক স্বাধীনতার পক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য তিনি বিখ্যাত ছিলেন।
ফ্রান্সের কঠোর সেন্সর আইন উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেন। খ্রিস্টান গির্জা ও তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তার ব্যঙ্গবিদ্রুপের লক্ষ্য।
স্বৈরাচার, গির্জা তথা খ্রিস্টধর্মকে তিনি ফ্রান্সের সার্বিক বিকাশে বাধা হিসেবে দেখতেন এবং সে কারণেই তার রচনাবলি স্বদেশে নির্মমভাবে সমালোচিত হয়। তার উদ্দেশ্য ছিল, গির্জার ভণ্ডামি ও মূর্খতাকে জনসন্মুখে তুলে ধরা। তিনি মানুষের অজ্ঞতা, মূর্খতা, প্রতারণা, অন্যায়-অবিচার, উৎপীড়নকারীকে ঘৃণা করতেন।
এছাড়া তিনি ইসলাম ধর্ম ও তার প্রচারক হজরত মুহাম্মদকে (স.) নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। ইহুদি ধর্ম নিয়েও তার নেতিবাচক মন্তব্য রয়েছে। বিদ্রুপধর্মী লেখা ‘রিজেন্ট’-এর জন্য ভলতেয়ার বাস্তিলের কারাগারে বন্দি হন।
আঠারো শতাব্দীতে ভলতেয়ারকে ফ্রান্সের বিশিষ্টজনরা হোমার ও ভার্জিলের সমকক্ষ বলে প্রশংসা করেন। রাজ পরিবারের সঙ্গে ঝামেলার কারণে ১৭২০ সালে ইংল্যান্ডে চলে যান ভলতেয়ার। সেখানে তিনি নির্বাসন যাপন করেন। ইংল্যান্ডে ভলতেয়ার ছিলেন অখ্যাত ও অপরিচিত কবি। তাই নানা কৌশলে অভিজাত মহলের সুনজরে আসার চেষ্টা করেন।
তিনি রানী ক্যারোলিনকে উদ্দেশ করে একটি কবিতা লেখেন। তাই ব্রিটিশ রাজ পরিবারের পক্ষ থেকে দুশো পাউন্ড ভাতাও পেতেন। ভলতেয়ারের সাহিত্যকর্মের মধ্যে রয়েছে দুই হাজার বই ও ২০ হাজার চিঠি। সম্প্রতি তার ১৪টি লেখা নতুন করে আবিষ্কৃত হয়েছে। ১৭৭৮ সালের ৩০ মে তিনি মারা যান।
তার বিখ্যাত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো: দ্য এইজ অব লুই, এসে অন দ্য কাস্টমস অ্যান্ড দ্য স্পিরিট অব দ্য নেশনস ও জাডিগ।























